ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত সহ দুজবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ।
বুধবার দিবাগত রাতে কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হামলক চেষ্টার প্রধান অভিযুক্ত মারুফ হাসান (২২) এবং তার সহযোগী বাক্কা আলামিন (২৪)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ১২ টায় বাক্কা আলামিনকে কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে। কাশিপুরে একটি ভাড়াবাসায় থাকতেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে রাত ২ টায় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের আভিযানিক দল ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মারুফ হাসানকে গ্রেপ্তার করে। মারুফ কাশিপুর ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে।
উভয় আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে হামলা চেষ্টার ঘটনায় এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় অপরিচিত এক যুবক সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে নেতাকর্মীরা মারুফকে আটক করে এবং তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করেন।
এসময় মারুফ আক্রমনের চেষ্টা করলে তাকে থামাতে গিয়ে এনসিপির দুই সদস্য আহত হয়। স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিলে মারুফকে উদ্ধারে দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে হাজির হয় বাক্কা আলামিন। এরপর মারুফকে ছাড়িয়ে নিয়ে যায় তারা। আশেপাশের লোকজন এগিয়ে এসে এমপি প্রার্থীকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে।