আড়াই হাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সাহিদা আক্তার নামের এক মহিলার বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুর এলাকার সাহিদা আক্তার (৪৩) ও তার মেয়ে সানজিদা আক্তার (১৯) এর বসত বাড়িতে ভোররাত প্রায় ৩টা ৪০ মিনিটে ডাকাতদল হানা দেয়। একতলা বাড়িটির মূল ফটকের তালা ভেঙে প্রায় ১০/১৫ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকেদের মারধরের হুমকি দিয়ে নগদ ৩ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও একটি স্যামসাং গ্যালাক্সি এ৫৪ মোবাইল ফোন নিয়ে যায়।
সব মিলিয়ে ডাকাতদল প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্ত্রী সাহিদা আক্তার।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।