শহর প্রতিনিধি
ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাত দেড়টার দিকে আল্লাহ ভরসা নামের ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এসময় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসটি থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলো। বাসের চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে কয়েকটি সিট পুড়ে গেছে।
এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র তারেক আল মেহেদী।