শহর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় অপরাধ দমন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) জনাব তারেক আল মেহেদী সার্বিক তত্ত্বাবধানে জেলার সাতটি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ৭টি চেকপোস্টে নিরবিচ্ছিন্ন তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব চেকপোস্টে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় ৩৮০টি মোটরসাইকেল ও ৪৫৮টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৪৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে যে কোনো শঙ্কা দূরীকরণ এবং নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান নির্বাচনকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।