বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে জুলেখা বেগম ওরফে হেনা আক্তার (৩১) নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামী সজিব মাহমুদ (৩৩) ও তার পরিবারের বিরুদ্ধে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে পিচকামতাল এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের মা আয়েশা খাতুন (৪৫) বাদী হয়ে স্বামী সহ ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন পুলিশ আসামিদের পক্ষপাতের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
নিহতের মা আয়েশা খাতুন জানান, একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. সজিব মাহমুদের সঙ্গে বিগত ১৪ বছর পূর্বে আমার মেয়ে জুলেখা বেগম হেনা আক্তারের পারিবারিক ভাবে বিবাহ হয়। দাম্পত্য জীবনে আবু বক্কর (৭) ও সানজিদা (১২) দুই সন্তান রয়েছে। জামাতা আয়েশা (২৮) নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তার পর থেকে আমার মেয়ের সংসারে চলে অশান্তি ও পারিবারিক কলহ। এর ধারাবাহিকতায় গত রোববার রাতে যে কোনো সময় আমার মেয়েকে মারধরের পর হত্যা করে। পরে ঘরের আড়াঁর সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে এক পা মাঠিতে ঠেকানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে চলে গেছে। তবে পুলিশ আসামিদের পক্ষপাত করছেন তিনি অভিযোগ করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, আত্নহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।