শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মিছিল থেকে শহরের যানজট নিরসন কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত দুজন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দুই যানজট নিরসন কর্মী হলেন রাতুল দেওয়ান রিফাত ও আমির হোসাইন।
ভুক্তভোগী যানজট নিরসন কর্মী রাতুল দেওয়ান রিফাত বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীনে আমরা শহরের ইজিবাইক ও যানজট নিরসনের জন্য কাজ করি। আমাদের নির্ধারিত সীমানা অনুসারী শহরের মিশনপাড়ায় একটি চেকপোষ্ট রয়েছে। সেই স্থান অতিক্রম করলে আমরা ইজিবাইকগুলোকে ১০ থেকে ১৫ মিনিট শাস্তি স্বরূপ দাঁড় করিয়ে রাখি। আমাদের এভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।
বিকেল ৫ টার দিকে শহরের ডন চেম্বার থেকে মিছিল শুরু হয়। সেসময় মিছিল থেকে একদল লোক এসে ইজিবাইকগুলো ছাড়িয়ে নিতে চায়। আমরা বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে এবং মারধর করে। আমার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মারধর করার পর আমাদের নানান হুমকি দিয়ে যায় যে, আমাদের পরবর্তী সময়ে দেখে নিবে।
ঘটনার পর আমরা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেই। আমাদের উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং বলেছেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) খন্দকার শমিত রাজা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সত্যতা যাচাই করে ঘটনার সত্যতাও পেয়েছি। মূলত যানজট নিরসনের দায়িত্বে থাকা ছেলেগুলো ছাত্র। তারা শহরের যানজট নিরসনে রোদ্রে দাঁড়িয়ে কাজ করে। যতটুকু শুনতে পেরেছি মিছিল থেকে কয়েকজন এসে তাদের উপর চড়াও হয়েছে। তবে ঘটনাটি খুব বেশী সিরিয়াস কিছু নয়। তবুও তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আমরা দেখবো।