শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) চালক ওয়ালি উল্লাহ (২০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাদের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মিশুক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে মিশুক চালাতে বের হওয়ার পর ওয়ালি উল্লাহ নিখোঁজ হন।
মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার ৬ জুলাই সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করে।
একই দিন আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থান থেকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের বাবা হারুন রশিদ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।