রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলকে নির্জন বিলে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় তাঁর হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা। বৃহস্পতিবার (রাত ১১টার দিকে) উপজেলার তারাব পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম বেশ কিছুদিন ধরে উত্তর মাসাবো এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে আসছিলেন। কয়েক দিন আগে শাহাদাত ও এমদাদুল নামের দুই ব্যক্তিকে মাদক ব্যবসার অভিযোগে পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন অভিযুক্ত ব্যক্তিরা।
অভিযোগ রয়েছে, শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েক দিন ধরে আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ির কাছের একটি নির্জন বিলে ডেকে নেন। সেখানে আগে থেকেই শাহজালালের সঙ্গে ১০ থেকে ১৫ জন লোক অবস্থান করছিলেন।
পরে তাঁরা সবাই মিলে আবুল কালামের ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।