শহর প্রতিনিধি
রাজধানী-সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার বেশ কয়েকটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বিভিন্ন নামে পুনঃভর্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, পুনঃভর্তি ফি নিষিদ্ধ থাকলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান ‘ইভেন্ট চার্জ’, ‘অন্যান্য চার্জ’সহ বিভিন্ন নামে অতিরিক্ত অর্থ আদায় করছে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপন নং- ৩৭.০০.০০০০.০৭২.৪৪.০৫.২২-১৮-এর মাধ্যমে স্পষ্ট নির্দেশনা দেয় যে, পুরোনো শিক্ষার্থীদের কাছ থেকে কোনো নামেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এমনকি লাইসেন্স বাতিলের মতো শাস্তির বিধানও রয়েছে।
সরেজমিনে অনুসন্ধানে অভিযোগ পাওয়া গেছে, শহরের এবিসি, হেরিটেজ, চেঞ্জেস, বেলী ও ফিলোসোফিয়া স্কুলসহ আরও কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিরোনামে অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ভর্তি ফরমে পুনঃভর্তি ফি-এর ঘর ফাঁকা রাখা হলেও ‘ইভেন্ট চার্জ’ বা ‘অন্যান্য চার্জ’-এর নামে একই ধরনের অর্থ নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে অতিরিক্ত এই অর্থ পরিশোধ করা অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রতিবছর এই অর্থের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।
একজন অভিভাবক বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা থাকার পরও বিভিন্ন নামে পুনঃভর্তি ফি আদায় করা হচ্ছে। আমরা নিরুপায় হয়ে অর্থ পরিশোধ করছি। সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত না করলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।”
অভিভাবকদের আরও অভিযোগ, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরেই এ ধরনের কার্যক্রম চললেও কার্যকর নজরদারি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।