বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন সুফি ওরফে সুপি (৪৭) নামে এক নারী। তিনি বন্দর থানার মাহমুদনগর এলাকার কে এনসেন রোডের বাসিন্দা। শনিবার দুপুরে থানায় উপস্থিত হয়ে মাদক কারবার থেকে সরে আসার অঙ্গীকারনামা দিয়েছেন বলে জানা গেছে।
অঙ্গীকারনামায় সুফি ওরফে সুপি উল্লেখ করেন, অতীতে ভুল বোঝাবুঝি ও খারাপ সঙ্গের কারণে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বর্তমানে নিজের ভুল বুঝতে পেরে তিনি এ পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
অঙ্গীকারনামায় তিনি আরও উল্লেখ করেন, মাদকের ক্ষতিকর প্রভাব উপলব্ধি করে সম্পূর্ণ নিজের ইচ্ছায় থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেছেন। ভবিষ্যতে মাদক কেনাবেচা, সেবন কিংবা মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ছাড়া সৎভাবে উপার্জন করে সংসার পরিচালনা, দেশের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন সুফি। অঙ্গীকারনামায় তিনি তাঁর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা থাকার কথা উল্লেখ করে জানান, ওই মামলাগুলোতে তিনি আদালত থেকে জামিনে রয়েছেন।
অঙ্গীকারনামায় নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মাদকবিরোধী উদ্যোগের প্রতি সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নিজের ভুল সংশোধনের সুযোগ দিয়ে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাকে ধন্যবাদ জানানো হল।তার পরে আমাদের পুলিশ সদ্যস তাকে নজরে রাখবে।পুনরায় যেন সে মাদকের সাথে জড়িত না হয়। আর যদি জড়িত হয়ে পরে তাকে আইনের আওতায় আনা হবে।