শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক দুটি অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় চলমান মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
২৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ডিবির ‘খ’ জোনের পরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এসআই বিপুল হোসেনের সমন্বয়ে একটি দল সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়াটার ওয়ার্কস রোডে অভিযান চালায়। এ সময় নীট কনসার্ন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে পাকা রাস্তা থেকে কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত রমজানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দল রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন ঢাকা মেট্রো-গ-২৫-৩২২১ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা দুই আরোহীর কাছ থেকে আরও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মো. রমজান (৩২) ও শান্ত (২২)। অপর দুজন হলেন গাজীপুরের কালিয়াকৈর এলাকার সোহেল (২৬), বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাসরত এবং ঢাকার খিলক্ষেত মধ্যপাড়ার মো. রাকিব (৩৪)।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।