শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, কিছুদিন ধরে মিডিয়ায় প্রচার করা হচ্ছে, শীতলক্ষ্যা সেতু এমপি সাহেব বন্ধ করে দিচ্ছেন। এখানে বলা হয়েছে, একটি মাজার রয়েছে। কেউ মাজার মানেন, কেউ মানেন না। এটি যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু কবরের ওপর দিয়ে পিলার নির্মাণ করা হবে, এতটুকু কথা বলার অধিকার সবার রয়েছে। কারও কবরের ওপর যেন পিলার না পড়ে, সেটিই মূল কথা। স্থাপনা নিয়ে কারও কোনো কথা হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল (একরামপুর) এলাকায় আল-ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন একজনকে গণশত্রু বানিয়ে দেওয়া হচ্ছে। এই ব্রিজ হলে বা না হলে এমপি সাহেবের কী লাভ, বলুন তো? এই ব্রিজ নির্মিত হলে এমপি সাহেবই তো ফিতা কাটবেন। এখানে এমপি সাহেবের কোনো ক্ষতি নেই, তাঁর তো এক শতাংশ জায়গাও নষ্ট হচ্ছে না।