শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট কেনার কথা বলে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট কেনার কথা বলে ডেভেলপার কোম্পানির এক পরিচালককে ফাঁদে ফেলে একটি বাসায় আটকে রেখে ৩ লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এ.টি.এম. গাউসুল ওয়াজেদ (৫২) স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির পরিচালক। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন (৩৮), মারুফা আক্তার (২৪) ও তানজিলা আক্তার ওরফে তানিয়া ওরফে রিয়া মনিকে (২০) আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ‘একটা ডালে দুইটা ফুল’ নামের ইমো আইডি থেকে নাদিরা পরিচয়ে এক নারী ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজেদের কোম্পানির মাধ্যমে ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন সময় কথাবার্তা বলেন।
এর ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সকাল ৮টার দিকে সরাসরি কথা বলার জন্য সিদ্ধিরগঞ্জের মাদানিনগর মাদরাসার বিপরীতে তাঁকে যেতে বলা হয়। সরল বিশ্বাসে সকাল সাড়ে ৮টার দিকে সেখানে উপস্থিত হলে ওই নারী তাঁকে একটি রিকশায় করে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যান।
বাসাটিতে পৌঁছানোর পর আরও এক নারীকে দেখতে পান তিনি। ফ্ল্যাট কেনার বিষয়ে আলোচনার একপর্যায়ে ওই দুই নারী তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জন পুরুষ ওই কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন। সেখান থেকে মুক্তি পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তাঁর মোবাইল ফোন থেকে স্ত্রীর সঙ্গে কথা বলে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় শুরু করে চক্রটি।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর নগদ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন নম্বরে টাকা পাঠানো এবং ক্যাশ আউটের মাধ্যমে মোট ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া তাঁর ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে ৪২ হাজার টাকা এবং যমুনা ব্যাংকের ভিসা কার্ড ব্যবহার করে ১১ হাজার টাকা উত্তোলন করা হয়। পাশাপাশি তাঁর মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে মোট ৩ লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীকে গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। পরে এ ঘটনা কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর ঢাকায় ফিরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এক বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
অভিযোগের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বিএম টাওয়ারের দ্বিতীয় তলার ২০১ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. আরিফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসার কক্ষ থেকে মারুফা আক্তার ও তানজিলা আক্তার ওরফে তানিয়া ওরফে রিয়া মনিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে নানা কৌশলে ফ্ল্যাটে ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের কাজ করে আসছিল চক্রটি বলেও তাঁরা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নাদিরা ও ইমরান ছদ্মনামে পরিচিত দুজনসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী এ.টি.এম. গাউসুল ওয়াজেদ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।