শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মোল্লা (কনস্টেবল) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে যান তিনি। এ সময় এএসআই (নিঃ) আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে আঘাত করলে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।
পরে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দত্তখন্ড গ্রামের জওন মোল্লার ছেলে। তাঁর মায়ের নাম হাবিয়া বেগম। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (নিঃ) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জন দুর্বৃত্তের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ফতুল্লা মডেল থানায় ৬৭ নম্বর মামলা রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (নিঃ) মো. রফিক, বিপিএম।
কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন মামলার তদন্তের মাধ্যমে সামনে আসবে।