শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার ‘খ সার্কেল’-এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব দীপংকর ঘোষ। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি মাগুরা সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তাঁর দক্ষতা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।
শিক্ষাজীবনেও তিনি উজ্জ্বল সাফল্যের অধিকারী। জনাব দীপংকর ঘোষ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নিজ জেলা চাঁদপুর।
নতুন কর্মস্থলে যোগদানের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বন্দর ও সোনারগাঁও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ তাঁর দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, মাদক ও অপরাধ দমনে কঠোর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।