বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের মদনগঞ্জ-মদনপুর আঞ্চলিক সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
কালাম বলেন, মদনগঞ্জ ও মদনপুর এলাকার এই সড়কটি একসময় আঞ্চলিক সড়ক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি ভারী শিল্পকারখানার যানবাহনের চাপে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে সামিট গ্রুপ, আকিজ গ্রুপ এবং ক্রাউন সিমেন্টের মতো বড় শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন নিয়মিত চলাচল করায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে।
তিনি বলেন, এখন এই রাস্তাটি মানুষের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
বক্তব্যে তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যও তুলে ধরে বলেন, একসময় নারায়ণগঞ্জকে ‘প্রাচ্যের ড্যান্ডি’ বলা হত এবং বর্তমানে এটি দেশের অন্যতম বাণিজ্যকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, তার উদ্যোগে নারায়ণগঞ্জের উন্নয়নে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল এবং বরাদ্দকৃত অর্থে জিয়া হল নির্মিত হয়। তবে পরবর্তীতে অবহেলার কারণে এটি নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হলটি পুনর্নির্মাণের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যখাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনী এলাকায় ৩০০ শয্যার হাসপাতাল, একটি জেনারেল হাসপাতাল ও থানা হেলথ সেন্টার থাকলেও সেখানে কিডনি ও হৃদরোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। এ কারণে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান তিনি।
শিক্ষা খাতের উন্নয়নের কথা তুলে ধরে কালাম বলেন, তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বাইরে যেতে হয়। তাই নারায়ণগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি বলে উল্লেখ করেন।
এছাড়া তিনি নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ, শিবুমার্কেট থেকে সিটি করপোরেশন পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ এবং গ্যাস ও পানির পুরোনো লাইন আধুনিকায়নের দাবি জানান। তিনি বলেন, পঞ্চাশ বছর আগে স্থাপিত গ্যাস ও পানির লাইন এখন আর জনসংখ্যার চাপ সামলাতে পারছে না। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।