বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অন্যতম নেতা মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বন্দরের আলোচিত অস্ত্রধারী সোহাগ। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, সম্প্রতি অস্ত্রধারী সোহাগ মাসুদুজ্জামান মাসুদের অফিসে গিয়ে নিজে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, সোহাগ বন্দরের একটি চিহ্নিত অস্ত্রধারী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। অতীতে তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ফলে এমন ব্যক্তির হাত থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশীর ফুল গ্রহণ রাজনীতির শুদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে এক স্থানীয় বিএনপি নেতা বলেন, “রাজনীতিতে জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতায় অনেক সময় কিছু বিতর্কিত ব্যক্তিরাও কাছে আসার সুযোগ পায়। তবে দল এসব বিষয়ে সতর্ক রয়েছে।”
এদিকে, বিষয়টি নিয়ে মাসুদুজ্জামান মাসুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় বিভিন্ন বিতর্কিত ব্যক্তি রাজনৈতিক নেতাদের কাছাকাছি আসার চেষ্টা করছে। এতে রাজনৈতিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।