শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’-এর প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গত রোববার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে এসআরবি-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অব. লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য জানান। অভিযানের সময় সোহেলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন ও একটি পকেট রাউটার উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, গ্রেপ্তার সোহেল খন্দকার ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। কাঠেরপুল এলাকায় একাধিক মাদকের আস্তানা পরিচালনা ও প্রভাব বিস্তারে তিনি কিশোর গ্যাং এবং সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। কিশোর গ্যাং সদস্যদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় মহড়া এবং আতঙ্ক তৈরি করা হতো।
অভিযোগ রয়েছে, স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউনের মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করতেন সোহেল ও তাঁর বাহিনীর সদস্যরা। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ঝুট লুটের মতো ঘটনা ঘটাতেন তাঁরা।
এসআরবি-১১ আরও জানায়, সোহেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাচেষ্টাসহ ১৫টির বেশি মামলা রয়েছে। পূর্বে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।